লক্ষাধিক টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
দি নিউজ লায়ন ; গোপন সূত্রে অভিযান চালিয়ে ১ লক্ষ ৯০ হাজার টাকার জাল নোটসহ তিন পাচারকারীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৫ টি দুই হাজার টাকার জালনোট। শুক্রবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন তদন্তকারী কর্তারা।
পাশাপাশি এই জাল নোট উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার গভীর রাতে মালদা শহরের গৌড়কন্যা সেন্ট্রাল বাস টার্মিনাস এলাকা থেকেই জাল নোটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত তিন পাচারকারীর নাম সামিউল শেখ (২৬), সেলিম শেখ (২২) এবং মহসিন শেখ (১৮)৷ ধৃতদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ওই তিনজন জালনোট পাচারকারী গৌড়কন্যা সেন্ট্রাল বাস টার্মিনাস এলাকায় জড়ো হয়েছিল। সেখানেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে গাড়ি ধরার অপেক্ষা করছিল ওই তিনজন। গোপন সূত্রে খবর পাওয়ার পর ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালায়। এরপর তাদেরকে এক লক্ষ নব্বই হাজার টাকার জাল নোটসহ ধরে ফেলা হয়।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন , জালনোটের উদ্ধারের ঘটনায় ধৃত তিনজনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Post a Comment